৭ জানুয়ারি শুরু হচ্ছে ২০২৭ সালের অমর একুশে বইমেলা

আগামী ২০২৭ সালের অমর একুশে বইমেলা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রকাশকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মে আয়োজনের এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলা একাডেমি জানায়, একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন সম্পর্কিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মেলার নতুন সময়সূচি ঠিক করা হয়।

পরবর্তী বছরের ৭ বা ৮ ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি বিবেচনায় রেখে প্রকাশকরা রমজান মাস শুরু হওয়ার পূর্বেই মেলা শেষ করার দাবি জানান। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

সময় এগিয়ে আনার বিষয়ে জানতে চাওয়া হলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, প্রকাশক ও প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকেই মেলা শুরুর এই তারিখ নির্ধারণ করা হয়েছে। একই প্রসঙ্গে ঐতিহ্য প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফুর রহমান নাইম নিশ্চিত করেন যে, সম্ভাব্য রমজান মাসের কথা মাথায় রেখেই মেলা ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।