দেশে ডেঙ্গুর প্রকোপ: এক দিনে আরও ৭ মৃত্যু

দেশে ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বুধবারের (২১ অক্টোবর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন রোগী রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী নতুন করে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এই সময়ে সারা দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।