দেশের সংগীতজগতে তিন দশকের বেশি সময় ধরে নিজের গিটারের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন রাসেল খান। প্রখ্যাত এই সংগীতশিল্পী ৫২ বছর বয়সে বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় থাকাকালীন এই গুণী শিল্পীর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, বাসায় বাথরুমে থাকাকালীন স্ট্রোকে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন রাসেল খান। অসংখ্য মঞ্চ পরিবেশনায় গিটার বাদক হিসেবে তার উপস্থিতি ছিল নিয়মিত। পাশাপাশি মাঝে মধ্যে নিজেও গান গাইতেন তিনি। গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল খান, যা ছিল তার জীবনের সর্বশেষ স্টেজ পারফরম্যান্স।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বনানীর একটি মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি বিক্রমপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

