সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং বিদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জীবন, অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকারের চরম ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এখন সময়ের মূল দাবি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিত প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, যৌন নিপীড়ন ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে।
আয়োজক সংগঠন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) মনে করে, এই মর্মান্তিক ঘটনা বিদেশে কর্মরত কোটি কোটি প্রবাসী বাংলাদেশির জীবন, নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকার রক্ষায় রাষ্ট্র ও কূটনৈতিক মিশনগুলোর চরম অবহেলা ও অকার্যকারিতাকে প্রকাশ্যে এনেছে। প্রবাসীদের সুরক্ষায় সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এই বিক্ষোভে সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এই বিক্ষোভে আপনার অংশগ্রহণ আমরা একান্তভাবে প্রত্যাশা করছি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-র মুখপাত্র ফেরদৌস আরা রুমী। এছাড়া এনপিএ সেন্ট্রাল কাউন্সিলের সদস্য সজীব তানভীর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। প্রতিবাদী এই রাজনৈতিক কর্মসূচিতে মানবাধিকার কর্মী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন। ডিআইজির বাড়িতে ডিজে পার্টিতে অভিযান, ৮৫ জন আটক।
সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, শিক্ষক ও গবেষক মাহা মির্জা, জনরাষ্ট্র আন্দোলনের সংগঠক সরদার আমিরুল ইসলাম, অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন, পিআরআই-এর আহ্বায়ক আরিফ সোহেল এবং সেন্ট্রাল কাউন্সিলের সদস্য মীর হুযাইফা আল মামদূহসহ অন্যান্য ব্যক্তিবর্গের।

