বলিউডের দর্শকপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। জানা গেছে, কিং নামের আসন্ন সিনেমাটির একটি বিশেষ গানের দৃশ্যে তাদের দেখা যাবে। আগামী ২৬ অক্টোবর মুম্বাইয়ে এই গানের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নৃত্য পরিচালনার দায়িত্বে থাকতে পারেন প্রখ্যাত কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির গানের দৃশ্য ধারণের ব্যাপক প্রস্তুতি চলছে। তবে গানটির শিরোনাম, সংগীত পরিচালক বা এতে আর কারা থাকছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, গানের এই বিশেষ দৃশ্যে সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীদেরও দেখা যেতে পারে।
এর আগেও শাহরুখ ও দীপিকা জুটি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই দুটি সিনেমাই বক্স অফিসে ব্যাপক ব্যবসায়িক সাফল্য অর্জন করেছিল। তাদের নতুন এই রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, যার সঙ্গে যুক্ত ছিলেন সুজয় ঘোষ, সুরেশ নায়ার ও সাগর পাণ্ড্য। উল্লেখ্য, এর আগে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল বেশ সফল। কিং সিনেমার মাধ্যমে এই পরিচালক-অভিনেতার জুটি আবারও নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন।

