লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি

দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা আশাবাদী। ওষুধের মাধ্যমেই তার চিকিৎসা চলছে, ফলে আপাতত তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে না। গত ২২শে অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে একটি বিবৃতি দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইলিয়াস কাঞ্চন জানান, সুদূর লন্ডনে থাকলেও তার মন পড়ে আছে দেশের মানুষ এবং নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গেই।

অসুস্থতার এ সময়ে যারা নিয়মিত তার খোঁজ নিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও আশ্বস্ত করেছেন যে, তিনি দেশে না থাকলেও নিসচার কার্যক্রম কোনোভাবেই থেমে থাকবে না। নেতাকর্মীদের প্রতি তার আহ্বান, সবাই যেন ঐক্যবদ্ধ থেকে সংগঠনের আদর্শ ও ইতিহাস ধারণ করে সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও গতিশীল করেন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারানোর পর নিরাপদ সড়ক নিশ্চিত করতে তিনি নিসচা গড়ে তোলেন। তার দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে ২০১৭ সালে সরকার ২২শে অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করে।