তুলে মামলা করলেন আসিফ আকবর: হত্যাচেষ্টার

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি বাদী হয়ে এই মামলাটি করেন। আজ রোববার হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে গাড়িটি পার্ক করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে যান আসিফ আকবর। পরে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে কার্যালয় থেকে বিকট শব্দ শুনে নিচে নেমে আসেন তিনি। এ সময় তিনি তার গাড়ির পেছনের ডানপাশের দরজার কাচ ভাঙা দেখতে পান। ঘটনার সময় শিল্পী গাড়িতে ছিলেন না।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, ওই সময় মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়ক দিয়ে আসা একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি পার্কিংয়ে প্রবেশ করেন। তিনি আসিফের গাড়ির কাচ লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত অটোরিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। গাড়ির চালকের আসনের পেছনের দিকেই গুলিটি করা হয়েছিল। ঘটনার পর আসিফ আকবরের স্ত্রীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একটি অংশবিশেষ আলামত হিসেবে জব্দ করেছে। হামলাকারীকে শনাক্ত করার জন্য ওই এলাকা ও আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে সব ধরণের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।