জাপান সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক জটিলতার কারণে বিপাকে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক আটকা পড়ে। তবে কারিগরি ত্রুটি মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি সফলভাবে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূত্র জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দেয়। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে বিমানটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে যাত্রা স্থগিত করা হয়।
ঘটনার পরপরই ককপিট থেকে পাইলট বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এরপরই প্রকৌশলীদের একটি দল উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি দূর করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার পরই পুনরায় যাত্রার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের কথা জানিয়ে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন। এছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফরের শেষ ভাগে প্রধানমন্ত্রী টোকিওতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন।

