বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিবিএলে খেলতে নামছেন তিনি। এর আগে থেকেই রেনিগেডসের রাডারে ছিলেন মুস্তাফিজ, তবে জেসন বেহরেনডর্ফ ইনজুরির কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ায় তাকে দলে নেওয়ার প্রক্রিয়াটি আরও দ্রুততর হয়। মূলত ইনিংসের শেষ দিকে বোলিংয়ে দক্ষতা দেখাতেই এই ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভিড়িয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, মেলবোর্ন রেনিগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার জন্য মুখিয়ে আছি। এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) খেলাটা বিশেষ কিছু হবে। দলের সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং দলের জয়ে অবদান রাখতে আমি খুবই উত্তেজিত। রেনিগেডসের জেনারেল ম্যানেজার ম্যাক অ্যাবট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, শুরু থেকেই তাদের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজ। মূলত ইনিংসের শেষ দিকে নিখুঁত বোলিংয়ের কারণেই তাকে দলে টানা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অ্যাবট আরও বলেন, আমরা ডেথ ওভারে বোলিং করার মতো একজনকে খুঁজছিলাম। আমরা সবাই জানি, এই ভূমিকা পালনে মুস্তাফিজের চেয়ে ভালো কেউ নেই। তার স্লোয়ার বল এবং ডেথ ওভারে অদ্ভুত সব দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তদের কাছে মুস্তাফিজ বেশ পরিচিত মুখ এবং তার যোগদান নিয়ে সমর্থকদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করছে। তার সম্মানে এমসিজিতে আয়োজিত ১ ও ১৬ জানুয়ারির হোম ম্যাচগুলোতে ‘ফিজ বে’ নামে একটি বিশেষ দর্শক গ্যালারিও রাখা হবে।
আইএলটি-টোয়েন্টির ব্যস্ততার কারণে রেনিগেডসের হয়ে শুরুর দিকের ম্যাচগুলোতে মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। চেন্নাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটি মিস করতে পারেন তিনি। এরপর তার ফ্র্যাঞ্চাইজি দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করে দ্বিতীয় ম্যাচে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আগামী ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তার খেলার পরিকল্পনা রয়েছে। চার শতাধিক উইকেট শিকারি এই টি-টোয়েন্টি অভিজ্ঞ বোলার দলের বোলিং আক্রমণকে আরও ধারালো করে তুলবেন বলে আশা করছে রেনিগেডস টিম ম্যানেজমেন্ট।

