ফিফপ্রোর বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোসহ ২৬ তারকা

পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ২০২৬ সালের ‘বিশ্বসেরা একাদশ’ গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে তারা চূড়ান্ত লড়াইয়ের জন্য ২৬ জন ফুটবলারের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইন এবং তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের মতো বিশ্বফুটবলের উজ্জ্বল নক্ষত্ররা স্থান করে নিয়েছেন। এখন অপেক্ষা কেবল চূড়ান্ত একাদশ ঘোষণার।

বিশ্বব্যাপী ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলারের প্রত্যক্ষ ভোটে এই তালিকা নির্ধারিত হয়েছে। এটি ফুটবলের এমন একটি মর্যাদাকর পুরস্কার, যেখানে কোনো সাংবাদিক বা জুরি বোর্ডের সিদ্ধান্ত কার্যকর হয় না, বরং খেলোয়াড়রা নিজেরাই তাদের সতীর্থদের মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেন।

মনোনয়নের ক্ষেত্রে ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। শর্ত অনুযায়ী, এই নির্দিষ্ট সময়ে প্রত্যেক ফুটবলারকে অন্তত ৩০টি আনুষ্ঠানিক ম্যাচ খেলার বাধ্যবাধকতা পূরণ করতে হয়েছে। আগামী ৯ নভেম্বর ফিফপ্রোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এই বর্ষসেরা একাদশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একাদশটি সাজানো হবে একজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার ও তিনজন ফরোয়ার্ড নিয়ে। এর বাইরে সর্বোচ্চ ভোট পাওয়া আরও একজন ফুটবলার বাড়তি খেলোয়াড় হিসেবে একাদশে যুক্ত হবেন।

তালিকায় গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেজ ও দাভিদ রায়া। ডিফেন্ডারদের তালিকায় রয়েছেন পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানো। মাঝমাঠের লড়াইয়ে রয়েছেন জুড বেলিংহ্যাম, ব্রুনো ফার্নান্দেস, এনজো ফার্নান্দেজ, পেদ্রি, ডেকলান রাইস, রদ্রি ও ভিতিনিয়া। এছাড়া আক্রমণভাগে মেসি-রোনালদো-এমবাপ্পেদের সঙ্গে ফরোয়ার্ডের আটজনের এই তালিকায় আরও আছেন আর্লিং হালান্ড, হ্যারি কেইন, খভিচা কাভারাসখেলিয়া, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামাল। আর আক্রমণভাগে মেসি-রোনালদো-এমবাপ্পেদের সঙ্গে ফরোয়ার্ডের ৮ জনের সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন আর্লিং হালান্ড, হ্যারি কেইন, খভিচা কাভারাসখেলিয়া, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামাল।