আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে চার খেলোয়াড় নিয়ে একটি বড় ট্রেড চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিসিসিআই এই অদলবদল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। চুক্তির আওতায় লিয়াম লিভিংস্টোন এবং জ্যাক এডওয়ার্ডস চেন্নাইয়ে যোগ দিচ্ছেন, অন্যদিকে খলিল আহমেদ ও নাথান এলিস হায়দরাবাদের জার্সিতে খেলবেন।
লিয়াম লিভিংস্টোনকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে সিএসকে, যদিও ২০২৫ সালের আইপিএল মিনি নিলামে তিনি ১৩ কোটি রুপিতে হায়দরাবাদে বিক্রি হয়েছিলেন। তবে পরের মৌসুমে তিনি হায়দরাবাদের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। অন্যদিকে, জ্যাক এডওয়ার্ডস ৩ কোটি রুপির বিদ্যমান পারিশ্রমিকেই সিএসকেতে পাড়ি জমিয়েছেন। ২০২৬ আইপিএলে তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
হায়দরাবাদে যোগ দেওয়া দুই পেসারের গত মৌসুমটি ইনজুরির কারণে বেশ কঠিন ছিল। নাথান এলিসকে সিএসকে দলে নিয়েছিল মাথিশা পাথিরানার বিকল্প হিসেবে। ২ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হওয়া এই বোলার আইপিএল শুরুর আগেই ঘরোয়া ওয়ানডে কাপ ফাইনালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে পুরো মৌসুম থেকে ছিটকে যান। তিনি আবার তার পুরোনো দল হায়দরাবাদে ফিরে যাচ্ছেন, যেখানে তিনি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছিলেন। এছাড়া, খলিল আহমেদ গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলার পর কোয়াড্রিসেপ ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান।

