নড়াইলের লোহাগড়ায় প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত সব শিক্ষক ও কর্মচারীর স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই আবেগঘন আয়োজনের সূচনা হয়। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহিম শেখ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েফুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবির।
স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রয়াতদের কর্মময় জীবনের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন এবং প্রাক্তন শিক্ষার্থী ও বিসিএস ক্যাডার কামরুল ইসলাম, প্রদীপ চক্রবর্তী ও পরিতোষ কুমার হোড তাদের আলোচনায় প্রয়াত শিক্ষকদের মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, ইউনিয়ন বিএনপি সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী ও সুশান্ত কুমার ঘোষ এবং শিক্ষক মো. শাহিনুর রহমানসহ একাধিক ব্যক্তি স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। বক্তারা একমত পোষণ করে বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু নেই; তারা সততা, ত্যাগ ও দেশপ্রেমের মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। তাদের প্রদর্শিত সঠিক পথ আগামী প্রজন্মের জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের মহৎ কর্মের মধ্য দিয়ে তারা মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
সভাপতি মো. আব্দুর রহিম শেখ বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে পিতৃতুল্য অভিভাবক। প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ অন্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে আদর্শ শিক্ষকের সব গুণাবলি বিদ্যমান ছিল। তাদের শূন্যতা অপূরণীয় উল্লেখ করে তিনি ভবিষ্যতে এই ধরনের স্মরণসভা ও দোয়া মাহফিল চলমান রাখার প্রতিশ্রুতি দেন। প্রয়াত শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের স্বপ্ন দেখাননি, সেই স্বপ্ন পূরণের সঠিক পথও দেখিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছা।

