সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত জেনারেশন শেপার অ্যাওয়ার্ডস-২০২৬ এ ‘ফ্যাশন আইকন’ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি ফ্যাশন ব্যক্তিত্ব, ফ্যাশন কোরিওগ্রাফার, মডেল কোচ এবং পেজেন্ট কোচ তাসনুবা রাইসা রাকা। ফ্যাশন জগতে তার সৃজনশীল অবদান, পেশাগত দক্ষতা এবং নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে অনন্য ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
গত ১লা নভেম্বর দুবাইয়ের মিলেনিয়াম এয়ারপোর্ট হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ADZONE আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যাশন, গণমাধ্যম ও সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হিজ হাইনেস শেখা আয়েশা হুমাইদ আল মুয়াল্লা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজ এক্সেলেন্সি শেখ মাকতুম আল মাকতুমের ব্যক্তিগত উপদেষ্টা হিজ এক্সেলেন্সি ইয়াকুব আল আলী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ শেখ, ডিএক্সবি২৪লাইভ (DXB24Live)-এর প্রতিষ্ঠাতা অপূর্ব আবদুল লতিফ এবং মিসেস ইউনিভার্স ২০২৪ বিজয়ী নাসরিন সুলতানা কুইনসহ অনেকে।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘মিস কসমিক ইউনিভার্স’ খেতাব জয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি পান তাসনুবা রাইসা রাকা। প্রায় তিন বছর ধরে দুবাইয়ে অবস্থান করে তিনি ফ্যাশন কোরিওগ্রাফি এবং মডেল ও পেজেন্ট কোচ হিসেবে কাজ করে আসছেন। তার প্রত্যক্ষ প্রশিক্ষণ ও নির্দেশনায় অনেক নতুন মডেল ও প্রতিযোগী নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পাচ্ছেন, যা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সহায়ক হচ্ছে।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাসনুবা রাইসা রাকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাকে সম্মানিত করার জন্য ADZONE কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশের সুনাম ও মর্যাদা বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করতে অবদান রাখতে পারবো।’
নিজের এই সাফল্য প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং মায়ের প্রতি উৎসর্গ করেছেন রাকা। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রতিভাবানদের ইতিবাচক বিকাশে এবং তাদের অনুপ্রাণিত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ‘BiBi RakaZ’-এর প্রতিষ্ঠাতা রাকা ফ্যাশন কোরিওগ্রাফি ও মডেল প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। দুবাইয়ের এই আন্তর্জাতিক আসরে তার এই অর্জন বিশ্ব ফ্যাশন জগতে বাংলাদেশি প্রতিভার ক্রমবর্ধমান সক্ষমতারই এক গর্বিত প্রতিফলন।

