নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত লারা লোটাস

ছোট পর্দার পরিচিত মুখ লারা লোটাস সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘জানালার ওপারে কেউ নেই’ শিরোনামের এই সিনেমায় তাকে দেখা যাবে। লারা লোটাস জানান, সিনেমার গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় তিনি এতে কাজ করতে আগ্রহী হয়েছেন। বর্তমান সময়ের সিনেমাগুলোর গল্প বলার ধরনে বেশ পরিবর্তন এসেছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, এই সিনেমার গল্প দর্শকের মনে দাগ কাটবে।

এর আগে গাজী রাকায়েতের ‘মানুষটিকে দেখো’ ও রাশেদ শামীম শ্যামের ‘পরী’ সিনেমায় অভিনয় করেছেন লারা লোটাস। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী নিয়মিত নাটকেও কাজ করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘আশ্রয়’, ‘পোড়া মাটির গল্প’, ‘মহল্লার বড় ভাই’, ‘তাল বাহানা’, ‘বৌ তরণী’, ‘রমিজের আয়না’ ও ‘কাছের মানুষ’। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে বেশ কিছু নতুন নাটকের বিষয়ে আলোচনা চলছে, যা ব্যাটে-বলে মিললে তিনি দর্শকদের সামনে নিয়ে আসবেন।