কেরালার কোচিতে চিকিৎসকের ওপর হামলা: গ্রেপ্তার মালয়ালম তারকা

ভারতের কেরালার কোচির ভাইটিলা এলাকায় এক চিকিৎসককে মারধর ও লুটপাটের অভিযোগে মালয়ালম সিনেমার অভিনেত্রী অতুল্য চন্দ্র এবং অভিনেতা বিবিন পেরুমপলিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এরনাকুলাম জেলার কুরিকাড এলাকার বাসিন্দা ওই চিকিৎসক অভিযোগ করেন, গত ২ নভেম্বর তাকে ফোন করে জানানো হয়েছিল যে অভিযুক্তদের এক আত্মীয় গুরুতর অসুস্থ। এই সংবাদের ভিত্তিতে তিনি ভাইটিলা এলাকার একটি ফ্ল্যাটে যান। সেখানে গিয়ে তিনি অতুল্য চন্দ্রসহ প্রায় ১২ জনকে দেখতে পান। অভিযোগকারী চিকিৎসকের ভাষ্যমতে, ফ্ল্যাটে প্রবেশের পর ওই ব্যক্তিরা তাকে মারধর করেন এবং তার কাছ থেকে দুটি স্মার্টফোন, একটি স্মার্টওয়াচ ও এক জোড়া ইয়ারবাড ছিনিয়ে নেয়। ভুক্তভোগী চিকিৎসকের দাবি অনুযায়ী, লুট করা এসব সামগ্রীর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। তার দাবি, হামলার ঘটনায় মোট ১২ জন জড়িত ছিলেন।

কাদাভানথ্রা থানার পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ অনুসন্ধানে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন, যার ফলে তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। তদন্তের স্বার্থে পুলিশ সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখছে। এমনকি এই ঘটনার পেছনে কোনো ‘হানিট্র্যাপ’ বা ফাঁদে ফেলার পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, অভিনেত্রী অতুল্য চন্দ্র মালয়ালম চলচ্চিত্রের পরিচিত মুখ, যিনি ‘ডাইজ ইরে’ সিনেমার মাধ্যমে দর্শক মহলে পরিচিতি পান। বর্তমানে পুলিশ ঘটনার সাথে জড়িত অন্যদের সন্ধানে ও ঘটনার প্রকৃত মোটিভ বের করতে জোরালো তৎপরতা চালাচ্ছে। এদিকে, ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তদন্তের অংশ হিসেবে সম্ভাব্য সব দিক বিবেচনায় রাখছে পুলিশ। ফলে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।