স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। সোমবার বাংলা একাডেমিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, স্বাধীনতা নিরাপদ হয়ে গেছে—এমন ধারণা পোষণ করা এক ধরনের ভ্রান্তিবিলাস। দেশের ইতিহাসে বারবার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে এবং জনগণকে বারবার তা রক্ষার জন্য রুখে দাঁড়াতে হয়েছে। তাই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই; বরং জাতীয় ঐক্য, দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সমর্থনের পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য।
অধ্যাপক মাহবুব উল্লাহ আরও বলেন, ১৯৭৫ ও ২০২৪ সালের জুলাইয়ে দেশের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছিল, ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে কি না তা অনিশ্চিত। একটি জাতির জাতীয় সত্তার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সেখানে গণতান্ত্রিক রাজনীতি বা স্থিতিশীলতা পরিপক্ব হয় না। রাষ্ট্রের স্বার্থ রক্ষা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করতে বন্ধু নির্বাচন, পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় সাধারণ মানুষ যখন দিশাহারা, তখন ২৬ মার্চ জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ডাক দেন। সেই সংকটকালে জিয়াউর রহমান মানুষের কাছে আশার প্রতীক বা ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেমিনারে অধ্যাপক মাহবুব উল্লাহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার ও ভারতের মধ্যে একটি গোপন চুক্তির দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ওই চুক্তির শর্তানুসারে বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী রাখা ও স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে ভারতের পূর্বানুমতি নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের বিপর্যস্ত অর্থনীতির চিত্রও তিনি তুলে ধরেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট, ভূরাজনৈতিক পরিবর্তন এবং পরবর্তী সাংবিধানিক বিবর্তনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এতে বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ, বহুদলীয় গণতন্ত্র, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পাশাপাশি বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে জাতীয় সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। এর ফলে বহুদলীয় রাজনৈতিক প্রক্রিয়া ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি আরও বলেন, এই দিনটির অন্যতম শিক্ষা হলো জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

