আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ডেল মার্টিন বেনকেনস্টাইনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার আপাতত কেবল আসন্ন সিরিজটির জন্য দলের সঙ্গে কাজ করবেন। এর আগে ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ঠিক আগ মুহূর্তে আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। সে সময় ক্যারিবীয়দের বিপক্ষে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তিনি দলের সঙ্গে থাকছেন না। নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে বোর্ডের আলোচনায় পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি হয়নি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে জাতীয় দলের ফিল্ডিং কোচিং প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে। আশিক মজুমদার মূল দলের সঙ্গে থাকছেন না, তিনি এখন বাংলাদেশ ‘এ’ দলের দায়িত্ব পালন করবেন। তাঁর অনুপস্থিতিতে জাতীয় দলের ফিল্ডিংয়ের দেখভাল করবেন সহকারী কোচ মাকেতা।

