শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় গভীর রাতে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে একদল মানুষ লগি-বৈঠা হাতে টোলপ্লাজা এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা সেতুর সামনে অবস্থান নেওয়ায় উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও টোলপ্লাজায় কর্মরতরা জানান, প্রায় আধাঘণ্টা স্থায়ী এই অবরোধের সময় ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সদস্যরা প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, হামলাকারীরা ঘটনাস্থলে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

