তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের আঙিনায় সক্রিয় প্রখ্যাত অভিনেত্রী মোমেনা চৌধুরী। নিয়মিত টিভি নাটক, সিনেমা ও মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি একজন নাট্যকার ও নাট্যসংগঠক হিসেবেও সুপরিচিত। তার নাট্যদল শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা ‘গোধূলি বেলায়’। শামীম সাগরের নির্দেশনায় এই একক অভিনীত নাটকটি দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। নাটকটির মূল উপজীব্য হলো একজন বৃদ্ধা মায়ের নিঃসঙ্গতা এবং জীবনের দীর্ঘদিনের না বলা কষ্ট ও যন্ত্রণার আখ্যান। ৫০তম বিবাহবার্ষিকীর দিনে পার্কে বসে কাটানো মুহূর্তের স্মৃতিচারণের মধ্য দিয়ে এখানে এক নারীর সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা চাপা কান্না ও নীরব প্রতিবাদের গল্প ফুটে উঠেছে।
২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। এরপর একই বছরের আগস্ট থেকে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বনানীর যাত্রাবিরতি, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং রংপুরসহ দেশের বিভিন্ন মঞ্চে নাটকটি নিয়মিত প্রদর্শিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির ১৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়ে মোমেনা চৌধুরী বলেন, দেশ-বিদেশে দর্শকদের থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি মুগ্ধ। দর্শকদের সেই ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান রেখেই আবারো নাটকটি মঞ্চস্থ করছি। আশা করছি, মঞ্চ নাটকপ্রেমী দর্শকদের সঙ্গে আজ দেখা হবে এবং প্রদর্শনীর শেষে তাদের সঙ্গে কথা হবে। সপরিবারে নাটকটি উপভোগ করার আহ্বান জানান এই অভিনেত্রী।

