চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই চার মাসের মধ্যে অক্টোবরে দেশে এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। এছাড়া সেপ্টেম্বরে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাই মাসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এই সময়ে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে, যার পরিমাণ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
প্রবাসী আয়ের তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে। এছাড়া ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

