নাট্যনির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত নতুন চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামী ২০শে নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। মূল চলচ্চিত্রটির প্রদর্শনীর আগে ১৮ই নভেম্বর বিমানবন্দর সংলগ্ন স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। এটি দেশভাগের প্রেক্ষাপটে একটি পরিবারের নানা সংকট ও ঘাত-প্রতিঘাতের গল্প তুলে ধরেছে।
পরিচালক হাবিব আশা প্রকাশ করেছেন যে, সিনেমাটি দর্শকদের আবেগী করে তুলবে। উল্লেখ্য, এটিই প্রথমবারের মতো আশনা হাবিব ভাবনা তার বাবার পরিচালনায় কোনো সিনেমায় অভিনয় করলেন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, মামুনুর রশীদ এবং কাজী হায়াৎ। হাবিবুল ইসলাম হাবিব এর আগে ‘রাত্রির যাত্রী’ সিনেমা পরিচালনা করেছিলেন এবং তার প্রথম চলচ্চিত্র ‘বখাটে’ মুক্তি পায় ১৯৮৭ সালে।

