গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, চালু হয়েছে অর্ধশতাধিক কারখানা

গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রমিক অসন্তোষের মুখে যে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল, বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সেগুলোর অধিকাংশেই উৎপাদন স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে। গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা ঘুরে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার দিনভর ভোগড়া বাইপাস, নাওজোড়, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা এবং ১ ও ২ নম্বর সিএনবি বাজার ও আসপাডা মোড় এলাকায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এ সময় মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুরের দিকে কিছু এলাকায় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশি তৎপরতায় শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং কারখানাগুলোতে উৎপাদন পুরোদমে চলছে।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আজও মাঠে কাজ করছে বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যরা। তাদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শিল্প এলাকার নিরাপত্তায় বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছে।