দীর্ঘ সময় ধরে নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। তবে সম্প্রতি নিজের বায়োপিক বা জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এই গুণী শিল্পী। বর্তমানে কানাডায় অবস্থানরত ববিতা জানান, বিদেশের মাটিতে অনেক শিল্পীর জীবনী নিয়ে চমৎকার সব চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা তিনি দেখেছেন। তাদের জীবনের বাস্তব গল্পগুলো যেভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে, তা তাকে অনুপ্রাণিত করেছে।
নিজের বায়োপিকের বিষয়ে ববিতার ভাষ্য, কেউ যদি তার জীবনের গল্প সঠিকভাবে তুলে ধরতে পারেন এবং তা নির্মাণে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে পারেন, তবেই তিনি অনুমতি দেবেন। নিজের জীবনের বিভিন্ন অধ্যায় যেমন জন্ম, শিক্ষা, পরিবার, সিনেমার ক্যারিয়ারে পা রাখা এবং ববিতা হয়ে ওঠার নেপথ্যের সংগ্রাম ও কষ্টের গল্পগুলো নিখুঁতভাবে পর্দায় উঠে আসা জরুরি।
তিনি জানান, তার আন্তর্জাতিক অঙ্গনে পথচলা, সিনেমা জীবনের প্রাপ্তি, আনন্দ-বেদনা ও সুখ-দুঃখের স্মৃতিগুলো সঠিকভাবে স্ক্রিপ্টে থাকতে হবে। আগে বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন ববিতা এবং সেগুলো তার মনের মতো গল্পেই তৈরি হয়েছে। তাই বায়োপিকের ক্ষেত্রেও তিনি আপসহীন। কেবল মনের মতো গল্প ও সঠিক চিত্রনাট্য পেলে তিনি এতে অভিনয় করার কথাও ভাবছেন। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নায়ক-নায়িকার বায়োপিক নির্মিত হয়নি, সেই প্রেক্ষাপটে ববিতার এই ভাবনাটি চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

