কয়েক মাসের শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারও অভিনয় জগতে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ বিরতির পর ইকসান রনির রচনা ও পরিচালনায় নির্মিত ‘অংশীদার’ নাটকের মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন ঘটেছে তার। গত ২১ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং মাত্র দুই দিনের ব্যবধানে এর ভিউ ১৬ লাখ ছাড়িয়ে যায়। ইকসান রনির রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি গত ২১ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এবং মুক্তির পরদিনই ১৫ লাখের বেশি ভিউ ছাড়িয়ে যায়।
নাটকের গল্পটি আবর্তিত হয়েছে পারিবারিক সম্পত্তি দখলের এক বাস্তবমুখী ঘটনাকে কেন্দ্র করে। বাবার মৃত্যুর পর হেবা দলিলসূত্রে প্রাপ্ত দুই মেয়ের সম্পত্তি দখল করে নেন তাদের চাচা। এই নাটকে জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুরের মেয়ের চরিত্রে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে এবং চাচা ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবুসহ একঝাঁক শিল্পী। নাটকের শেষাংশে একটি বিশেষ আইনি বার্তা স্পষ্ট করা হয়েছে—কোনো ব্যক্তি জীবদ্দশায় নিজের সম্পত্তি হেবা দলিল করে দিলে তা ‘ব্রাদারি হক’ বা অন্য কোনো অজুহাতে দাবি করা যায় না।
কাজে ফেরা প্রসঙ্গে আবেগশ্রুত হয়ে তানিয়া বৃষ্টি জানান, মহান আল্লাহর অশেষ কৃপায় সুস্থ হয়ে তিনি নিজের ভালোবাসার পেশায় ফিরতে পেরেছেন। যারা তার জন্য প্রতিনিয়ত দোয়া করেছেন এবং জীবনঘনিষ্ঠ এমন একটি সুন্দর গল্পে কাজের সুযোগ করে দিয়েছেন, সেই পরিচালকের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেইসাথে কৃতজ্ঞতা আমার জন্য যারা সবসময় দোয়া করেছেন।
হেবা দলিলের আইনি দিক সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, এই নাটকে কাজ করতে গিয়ে তিনি বিস্তারিত জানতে পেরেছেন যে, মুসলিম আইন অনুসারে দাতা তার জীবদ্দশায় কোনো বিনিময় বা প্রতিদান ছাড়াই লিখিত ও নিবন্ধিত ঘোষণাপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে তাকে হেবা দলিল বলা হয়। এটি সম্পাদনের পরপরই গ্রহীতা স্থায়ীভাবে সম্পত্তির মালিকানা লাভ করেন। স্ক্রিনে নিজের চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তোলার সবটুকু চেষ্টা তিনি করেছেন বলে জানান।
সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে তানিয়া বৃষ্টি আরও জানান, দীর্ঘদিন পর ডলি জহুরের সঙ্গে অভিনয় করতে পেরে তার ভীষণ ভালো লেগেছে। ফজলুর রহমান বাবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল চমৎকার। এর আগেও বাবা-মেয়ের চরিত্রে তাদের রসায়ন দর্শকপ্রিয়তা পেয়েছিল। পূর্ণাঙ্গ সুস্থতা অর্জন করে নিয়মিত নাটকের সেটে ফেরার জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

