দীর্ঘদিন ধরে মাদক, ছিনতাই, অবৈধ দখল, ফুটপাথ দখল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ ও ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। দেশের ক্রীড়াঙ্গনের এই প্রধান ভেন্যুর পুরোনো গৌরব ও শৃঙ্খলা ফেরাতে এবার জোরালো উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুধু অবকাঠামোগত সংস্কার নয়, স্টেডিয়ামটিকে দেশের ক্রীড়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক ও ঐতিহাসিক ঠিকানা হিসেবে গড়ে তুলতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এসব পরিকল্পনা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় নিরাপত্তাকর্মীদের মাঝে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করে নতুন এই কার্যক্রমের সূচনা করা হয়। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা স্বীকার করে প্রতিমন্ত্রী স্টেডিয়াম চত্বরে ফুটপাত দখল, অবৈধ দোকান, মাদক ও ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড কঠোরহস্তে বন্ধের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে আরও পেশাদার ও তৎপর হতে হবে। দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করা হবে। স্টেডিয়াম এলাকার প্রবেশ ও বহির্গমন পথ এবং পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কারের পরিকল্পনার কথাও জানান তিনি।
নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন স্থানে স্বাধীন বাংলা ফুটবল দলের মুক্তিযুদ্ধকালীন অবদান, ক্রিকেটে আইসিসি ট্রফি জয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়াবিদদের গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা কিংবদন্তি খেলোয়াড়দের অবদানও তুলে ধরা হবে।
নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে স্টেডিয়ামে প্রবেশ করেই নতুন প্রজন্ম ও দর্শকরা দেশের ক্রীড়া ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ক্রীড়াঙ্গনের মানুষের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারির মাধ্যমে এই উদ্যোগের সঠিক বাস্তবায়ন ঘটলে জাতীয় স্টেডিয়াম তার হারানো মর্যাদা ফিরে পাবে এবং দেশের ক্রীড়া গৌরব ও ইতিহাসের স্মৃতিবিজড়িত একটি প্রাণকেন্দ্র হয়ে উঠবে।

