ফার্স্ট সেক্রেটারি: জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বাংলাদেশিদের

জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতার উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশিদের জন্য জাপানের শ্রমবাজারে কাজের বিশাল সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিঞ্জু। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কারাসাওয়া শিঞ্জু বাংলাদেশের মানুষের বন্ধুত্বপূর্ণ ও দয়ালু স্বভাবের প্রশংসা করে বলেন, এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি সম্প্রসারণের পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবন উন্নত করতে সহায়তা করবে। তিনি আশা প্রকাশ করেন, এই একাডেমির শিক্ষার্থীরা জাপানে কর্মসংস্থানের জন্য নিজেদের সফলভাবে প্রস্তুত করে তুলতে পারবে।

একাডেমিটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান অনুষ্ঠানে বলেন, জাপানি ভাষা ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলতেই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে জাপানের সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তাই শিক্ষার্থীদের কেবল ভাষার ওপর জোর দিলেই হবে না, বরং জাপানের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সম্পূর্ণ অলাভজনক লক্ষ্য নিয়ে এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরিফুরজামান খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।