ঈশ্বরদীতে পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ঈশ্বরদীতে পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

পদ্মা বিধৌত উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনার ঈশ্বরদী উপজেলায় চলতি মৌসুমে তুষা পাটের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি এবং কৃষি বিভাগের যথাযথ পরামর্শে পাটের ভালো ফলন দেখে কৃষকদের মুখে হাসি ফুটেছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে এবার পাটের আশানুরূপ উৎপাদন হবে বলে মনে করছেন স্থানীয় চাষিরা।

উপজেলার মুলাডুলি, দাশুড়িয়া, লক্ষীকুণ্ডা, সাহাপুর, পাকশী, সলিলপুর, সাঁড়া ইউনিয়ন ও ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন এলাকায় মাঠজুড়ে এখন সবুজ পাটগাছের সমারোহ। বিস্তীর্ণ এই মাঠ এখন কৃষকদের নতুন আশার প্রতীক হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকেরা আগের বছরের তুলনায় এবার বেশি জমিতে পাটের আবাদ করেছেন।

মুলাডুলি ইউনিয়নের পাট চাষী মেহেরাব প্রামাণিক জানান, তিনি এ বছর তিন বিঘা জমিতে পাট লাগিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের ফলন অনেক ভালো হয়েছে। কৃষি অফিসের পরামর্শ এবং সহযোগিতার কারণে পাট চাষে নতুন করে অনেক চাষি উদ্বুদ্ধ হচ্ছেন। মুলাডুলিতে গত বছরের চেয়ে এবার পাট চাষীর সংখ্যা লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, চলতি মৌসুমে ঈশ্বরদীতে ৩৬৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হওয়ায় এবার উৎপাদনও অনেক বাড়বে।

তিনি আরও জানান, কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নতমানের বীজ সরবরাহ এবং নিয়মিত মাঠ পর্যায়ে কৃষি অফিসের মনিটরিং ও সঠিক পরামর্শ দেওয়ার ফলেই এবার পাটের এমন চমৎকার ফলন পাওয়া গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে কৃষকেরা পাটের ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত