সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা সংলগ্ন নদী থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন অনেকে। তিনি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানির তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর আশপাশের লোকজন সরাইল ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ওই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ মোহাম্মদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় না পাওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়া এবং দাফন-কাফনের জন্য মরদেহটি স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ মেম্বারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।