হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে ইবিতে নারী শিক্ষার্থীদের মানববন্ধন
জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নিকাব নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সম্মিলিত নারী শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। তারা ঐ সংসদ সদস্যের প্রকাশ্য ক্ষমা দাবি করেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের পর সংবিধান প্রণয়ন কমিটির ৩৪ সদস্যের মধ্যে বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র নারী সদস্য এবং তিনি পর্দানশীন পোশাকে দায়িত্ব পালন করেছেন। তাই সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। অতীতেও হিজাব ও নিকাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্য দেখা গেছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় তারা সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং মনিরুল হক চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, ‘সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় নারী এমপিদেরকে হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করেছেন। একই সময়ে সরকারদলীয় নারী এমপিরা সংসদে বসেই সেটিকে সমর্থন জানাচ্ছেন এবং উল্লাস প্রকাশ করছেন। যেখানে সংবিধানেই ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে, যেখানে পবিত্র কোরআনে আমাদের ধর্মে পর্দা করার নির্দেশ দেওয়া আছে, ঠিক সেই স্পর্শকাতর জায়গা নিয়ে তিনি কীভাবে সংসদে দাঁড়িয়ে বিদ্রূপ করলেন?’ তিনি আরও বলেন, সরকার দল ও বিরোধী দলের রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা ব্যক্তি স্বাধীনতা বা পোশাক নিয়ে কথা বলতে পারে না।
