পবিত্র হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়, ১৮ জুন বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এই ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট ১৪৫টি ফ্লাইটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনার ৫৪ হাজার ৩২০ জন হাজি দেশে ফিরেছেন।
এবারের হজ মৌসুমে হজ পালনকালে মোট ৫২ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজ বুলেটিনের তথ্যমতে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে ১৬ জন হাজি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো সর্বমোট ৬৫ হাজার ৮৮৮ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এছাড়া, মক্কা ও মদিনায় অবস্থিত আইটি হেল্প ডেস্ক থেকে ২৮ হাজার ১৬৭ জন হাজি বিভিন্ন ধরনের সেবা পেয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সম্পন্ন হয় ২১ মে।
চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছিল। হজ শেষে হাজিদের ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হয়েছে এবং এই কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে।
