দেশের মর্যাদা রক্ষায় ফুটবলাররাও লড়ছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মন্তব্য করেছেন যে, দেশের কর্মকর্তা, আলোচক এবং ফুটবলাররা সকলেই ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার বৃহত্তর সংগ্রামে নিজেদের দায়িত্ব পালন করছেন।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পাশাপাশি বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্র করার পরপরই তিনি এই মন্তব্য করেন।

তার পোস্টে, আরাগচি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের একটি ছবি এবং বিশ্বকাপের ফুটবল ম্যাচের একটি দৃশ্য পাশাপাশি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই বৃহত্তর এক সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।’

তিনি গত ২৮ ফেব্রুয়ারি শাজারেহ তাইয়্যেবে বালিকা বিদ্যালয়ে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলার কথাও তার পোস্টে উল্লেখ করেন। ওই মর্মান্তিক হামলায় প্রায় ১৬০ জন নিহত হয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক।

পররাষ্ট্রমন্ত্রী নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।