বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ট্রফি বিতরণ
আগামী ১৯ জুলাই এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
চলতি বিশ্বকাপের সুবাদে ইনফান্তিনো এবং ট্রাম্পের মধ্যে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। তবে গত ১১ জুন এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্টকে আসরটি নিয়ে খুব একটা প্রকাশ্য কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।
ফাইনাল ঘিরে বিশেষ পরিকল্পনা
ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জানিয়েছেন, নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আয়োজিত ট্রফি বিতরণী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ট্রাম্প ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব পালন করেছিলেন, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ ক্লাব চেলসি।
ইনফান্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে ফাইনাল ম্যাচটি উপভোগ করব এবং নিশ্চিতভাবেই বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।’ তারা দুজনে যৌথভাবে ট্রফি প্রদান করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে ফিফা সভাপতি জানান, ‘অবশ্যই, আমরা সবসময় একসঙ্গেই থাকি।’
ট্রাম্পকে ঘিরে আগের অভিজ্ঞতার স্মৃতি
এর আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের উপস্থিতি কিছুটা বিভ্রান্তির জন্ম দিয়েছিল। চেলসির অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার পরও ট্রাম্প বিজয়ীদের মঞ্চেই থেকে গিয়েছিলেন। ওই ঘটনার স্মৃতিচারণ করে রিস জেমস বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে তিনি ট্রফি দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। আমিও ভেবেছিলাম তিনি চলে যাবেন, কিন্তু তিনি মঞ্চেই দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন।’
ট্রাম্পের সঙ্গে সেই মুহূর্তের আলাপচারিতা নিয়ে জেমস জানান, স্টেডিয়ামে তীব্র আওয়াজ ও চিৎকার থাকায় তিনি স্পষ্টভাবে কিছু শুনতে পাননি। তবে প্রেসিডেন্ট তাকে ও তার দলকে ট্রফি জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন এবং মুহূর্তটি উপভোগ করতে বলেছিলেন। এছাড়া ওই ম্যাচে পিএসজির বিপক্ষে দুই গোল করা চেলসির কোল পালমারও জানিয়েছিলেন যে, ট্রফি উঁচিয়ে ধরার সময় ট্রাম্পের মঞ্চে উপস্থিত থাকা নিয়ে তিনি কিছুটা বিভ্রান্ত ছিলেন।
