ব্রাজিল ও স্কটল্যান্ড ম্যাচে বাগড়া দিতে পারে বজ্রসহ ঝড়

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরুর কথা থাকলেও ওই সময়ে মিয়ামিতে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।

নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত হলে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত খেলা পুনরায় চালু করা যায় না, যার ফলে ম্যাচের সময় দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে সোমবার ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে দুই ঘণ্টার জন্য স্থগিত ছিল। সেই সময় দর্শকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যেতে বাধ্য হতে হয়েছিল, যা পরবর্তী সময়ে ফুটবলারদের খেলায় ফিরতে বেশ অসুবিধার সৃষ্টি করেছিল।

এমন পরিস্থিতিতে আবহাওয়ার কারণে ম্যাচে বিলম্ব হলে তা সামাল দেওয়ার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন স্কটল্যান্ডের প্রধান কোচ স্টিভ ক্লার্ক। মঙ্গলবার ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত রাতে ফ্রান্সের ম্যাচে যে বিলম্ব হয়েছে, তা এই টুর্নামেন্টে প্রথম। এখন পর্যন্ত আবহাওয়ার ক্ষেত্রে কিছুটা ভাগ্যবান থাকলেও, আগামীকালের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কারণে খেলা ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে, তবে বিলম্ব কতক্ষণ স্থায়ী হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে তিনি জানান।

ক্লার্ক আরও যোগ করেন, বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার নিয়ম থাকায় বিরতি বেশ দীর্ঘ হতে পারে। খেলা স্থগিত হলেও সেটি খুব বেশি সময়ের জন্য হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। স্কটল্যান্ড দল যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।