বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে বলে মন্তব্য ফিলিপ লামের

বিশ্বকাপ ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম। তিনি বলেন, বিশ্বকাপ বিক্রি হয়ে যাওয়ার কারণে ফুটবলের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতির ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে এবং ফিফা ও বিশ্বকাপের বিষয়টিকে এখন আলাদাভাবে দেখা দর্শকদের জন্য বেশ কঠিন হয়ে পড়ছে।

এবারের বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক জার্মান ডিফেন্ডার। এ বিষয়ে জার্মানির সংবাদপত্র ডি জাইট-এ নিজের কলামে তিনি লিখেছেন, ফিফার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করে না এবং সেটিকে পুঁজি করে আয় সর্বোচ্চ করার চেষ্টা করে।

১৬টি দল বাড়িয়ে এবারই প্রথম ৪৮টি দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। এর পাশাপাশি প্রায়ই প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের যে আলোচনা শোনা যায়, সেটির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন লাম। তিনি লিখেছেন, যেকোনো টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি প্রভাব বজায় রাখতে হলে যথাযথ প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তবে ৪৮ দলের বড় এই বিশ্বকাপ আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দলগুলোর জন্য ফুটবলের আঙিনায় নিজেদের নতুন গল্প তৈরি করার দারুণ এক সুযোগ তৈরি হয়েছে।