ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচলের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথ দিয়ে জরুরি সেবার গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, খাবার সরবরাহকারী, অনলাইন শপিং পরিবহন এবং সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়িগুলো চলাচলের অনুমতি পাবে। এছাড়া প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্পাসের প্রধান ফটকসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সব সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র অথবা ব্যাংক স্লিপ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের উত্তর ও দক্ষিণ ক্যাম্পাস সংলগ্ন আবাসিক এলাকায় যাতায়াতের জন্য বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
