কুড়িগ্রামে সরকারি মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর সঙ্গে সংগতি রেখে কর্মপরিকল্পনা ও পরিবীক্ষণ কাঠামো তৈরির লক্ষ্যে একটি পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী কুড়িগ্রামের চিলমারী উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালাটি আয়োজিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর ও ফোকাল পয়েন্ট ড. মো. আকরাম হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ন্যাশনাল পলিসি এক্সপার্ট মাজহারুল আমিন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজা অনিক, চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল বারী সরকার অংশ নেন। এ ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার হোসেন, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উল্লেখ করা হয় যে, ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ (বিডিপি ২১০০) হলো জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত একটি শতবর্ষী সমন্বিত দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা। নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রণীত এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো পানি, ভূমি ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অর্জন করা।
কর্মশালায় বক্তারা জানান, দেশের ছয়টি চিহ্নিত ‘হটস্পট’-এর মধ্যে চিলমারী উপজেলা অন্যতম একটি এলাকা। মূলত এই অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণের উদ্দেশ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হলো টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সভায় কৃষিখাতের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
