জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ার মধ্য দিয়ে আর্জেন্টিনা গ্রুপ পর্বের মিশন শতভাগ সফলতার সাথে সম্পন্ন করেছে। তিনটি ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে লিওনেল স্কালোনির শিষ্যরা নকআউট রাউন্ডের ৩২ নিশ্চিত করেছে। তবে গ্রুপ পর্বের সেই সাফল্য এখন অতীত। আলবিসেলেস্তে শিবিরের সব মনোযোগ এখন ৩ জুলাই মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া নকআউটের প্রথম ম্যাচটিকে ঘিরে, যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল কেপ ভার্দে। এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে প্রতিপক্ষকে পরাস্ত করতে মাস্টারমাইন্ড কোচ স্কালোনি নতুন রণকৌশল ও ছক তৈরি শুরু করেছেন।
জর্ডানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মূল একাদশের ৯ জন নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দিয়ে স্কালোনি মূলত তার দলের বেঞ্চের গভীরতা পরীক্ষা করেছিলেন এবং তিনি তাতে সফল হয়েছেন। তবে কেপ ভার্দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আর কোনো পরীক্ষার সুযোগ নেই। নকআউটের এই ম্যাচে লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল এবং ক্রিস্টিয়ান রোমেরোর মতো প্রথম সারির তারকারা পুনরায় মাঠে নামবেন।
আফ্রিকার শারীরিক ও গতিসম্পন্ন ফুটবলারদের মোকাবিলা করে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে পারেদেস নাকি এনজো ফার্নান্দেজ—কাকে একাদশে রাখা হবে, তা নিয়ে নতুন সমীকরণ মেলাচ্ছেন কোচ। গ্রুপ পর্বের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে ৩ জুলাই মিয়ামির মাঠে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ১৬-এর টিকিট নিশ্চিত করাই এখন স্কালোনির প্রধান লক্ষ্য।
