তিন বছর আগে বাংলাদেশ সফরে এসে ভক্তদের ভালোবাসার যে জোয়ার দেখেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, তা এখনো তার মনে গেঁথে আছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত বাংলাদেশের মানুষের প্রবল উদ্দীপনা ও সমর্থন প্রত্যক্ষ করেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
তাই তো বাংলাদেশের মানুষদের নিজের হৃদয়ের বিশেষ এক কোণে জায়গা দিয়েছেন মার্তিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও তিনি আবারো নিশ্চিত করলেন যে, বাংলাদেশের ভক্তদের জন্য তার মনে রয়েছে অঢেল ভালোবাসা।
বাংলাদেশ সময় রবিবার সকালে ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচে জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসির গোলগুলোতে ভর করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ৩-১ ব্যবধানে জয়লাভ করে।
ম্যাচ শেষে মিক্সড জোনে নিজেদের প্রতিক্রিয়া জানানোর পর টি স্পোর্টসসহ সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এমিলিয়ানো। সেখানে তিনি বাংলাদেশের প্রতি নিজের মুগ্ধতা ও ভালোবাসার কথা অকপটে প্রকাশ করেন।
আর্জেন্টাইন এই তারকা গোলরক্ষক বলেন, আমি একসময় বাংলাদেশে গিয়েছিলাম। সত্যি বলতে, আমি দেশটির মানুষকে খুব ভালোবাসি। সেখানকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি খুব ভালো করেই জানি তারা আমাদের জন্য কতটা পাগল। তাদের এই অকৃত্রিম সমর্থন আমি দারুণ উপভোগ করি। যেভাবে তারা আর্জেন্টিনাকে সমর্থন করে, তা আমার হৃদয় ছুঁয়ে যায়। বাংলাদেশের জন্য আমার বুকভরা ভালোবাসা রইল।
