পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার পাশাপাশি সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা নিশ্চিত করার পর আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
রবিবার ২৮ জুন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ অবদান রাখবে। প্রধানমন্ত্রী প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তার আলোকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে একটি শক্তিশালী রপ্তানিমুখী শিল্পে পরিণত করার প্রক্রিয়া চলছে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি মাইলফলক এবং দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের নতুন পথ খুলে দেবে।
প্রতিমন্ত্রী বলেন, নিজস্ব চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য রপ্তানি করা দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি কেবল একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে রপ্তানির পরিধি আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়তে অধিদপ্তর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. সাখাওয়াত হোসেন এবং উপপরিচালক ডা. শারমিন সামাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
