জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমানে তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়োগের মধ্য দিয়ে এনবিআরের ইতিহাসে প্রথমবারের মতো সংস্থাটির ভেতর থেকেই কাউকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আহসান হাবিবের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে তাঁকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বও দেওয়া হয়েছে। এদিকে এনবিআরের নিজস্ব জনবল থেকে চেয়ারম্যান নিয়োগ পাওয়ায় সংস্থার কর্মকর্তাদের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে।
নতুন দায়িত্ব পাওয়া আহসান হাবিব এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাঁদের পরিবার, শীর্ষ আমলা ও ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও কর ফাঁকির ব্যাপক তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকার কর ফাঁকির ঘটনা উদঘাটন করেন।
এর আগে এনবিআরের পরবর্তী চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছিল। বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খানের মেয়াদ বাড়ানো হতে পারে কি না, সেটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এ ছাড়া এনবিআরের কয়েকজন বর্তমান ও সাবেক সদস্যকেও এ পদের দাবিদার হিসেবে অনেকে ভেবেছিলেন। আজ ২৯ জুন আবদুর রহমান খানের চাকরির মেয়াদ শেষ হয়েছে এবং তাঁর শেষ কর্মদিবসেই নতুন চেয়ারম্যানের নিয়োগ ঘোষণা করল সরকার।
আহসান হাবিব ১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ১৫তম কর ক্যাডারে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি বুলগেরিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া ও ভারত সফর করেছেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত আহসান হাবিব দুই সন্তানের জনক; তাঁর ছেলে যুক্তরাষ্ট্রে এবং মেয়ে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় অধ্যায়নরত।
