হাছান মাহমুদ–নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এই আদেশের দিন ধার্য করেন।

এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদন আজ শেষ হয়েছে। এর পরই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ঠিক করেন। মামলার এজাহারে মোট ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা; দ্বিতীয় অভিযোগে ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে শতাধিক ব্যক্তিকে গুরুতর জখম করার কথা উল্লেখ রয়েছে।

এদিকে, একই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্য এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলার নবম সাক্ষী আতিকুর রহমানকে জেরা করা হয়েছে। আতিকুর সিআইডিতে উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আজ সোমবার আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। এই মামলার আসামি আনিসুল হক ও সালমান এফ রহমান বর্তমানে কারাগারে আছেন এবং আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।