কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ দেশে এসেছে

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে ফিরে এসেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহায়তায় আজ মঙ্গলবার সকালে তাঁদের মরদেহগুলো দেশে পৌঁছায়।

কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত পাঁচ প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের আবদুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

নিহতদের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২২৬) গতকাল সোমবার রাতে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। ফ্লাইটটি আজ সকালে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দূতাবাসের ভাষ্যমতে বাসস জানিয়েছে, গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই পাঁচ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। মরদেহগুলো যেন যথাযথভাবে পরিবারের কাছে হস্তান্তর করা যায় এবং পরিবারকে অন্যান্য সুবিধাদি প্রদান করা যায়, সে লক্ষ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার তথ্য আগেই জানানো হয়েছিল।