আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

চলতি বিশ্বকাপের অন্যতম বড় বিস্ময় হয়ে ওঠা কেপ ভার্দে দলকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার দৃঢ় বিশ্বাস, নকআউট পর্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ার এই রূপকথার যাত্রা অব্যাহত রাখতে পারবে তার দল। মাত্র চার হাজার বর্গকিলোমিটার আয়তন ও ছয় লাখ জনসংখ্যার আফ্রিকার এই দেশটি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছিল। শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি, ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে তারা নকআউট পর্বে নাম লিখিয়েছে।

গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল কেপ ভার্দে। তারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পাশাপাশি লাতিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। এছাড়া গ্রুপের শেষ ম্যাচে এশিয়ার পরাশক্তি সৌদি আরবের বিপক্ষে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করে দলটি।

আগামী শনিবার ভোরে বাংলাদেশ সময় নিজেদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। গ্রুপ পর্বে আলবিসেলেস্তেরা তিন ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে, যেখানে দলের আটটি গোলের মধ্যে ছয়টিই এসেছে অধিনায়ক লিওনেল মেসির পা থেকে। শক্তির বিচারে আর্জেন্টিনা পরিষ্কার ফেভারিট হলেও প্রেসিডেন্ট নেভেসের চোখে ভিন্ন স্বপ্ন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি মনে করেন কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে এবং সেই দলের মাঝে জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন যেকোনো কিছুই সম্ভব বলে তিনি মন্তব্য করেন। আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে বলেই মনে করেন দেশটির প্রেসিডেন্ট।