ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে ভারতের ৩১তম সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন। এর মাধ্যমে তিনি তার পূর্বসূরী জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন।
জেনারেল ধীরাজ শেঠ মহারাষ্ট্রের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একজন প্রাক্তন শিক্ষার্থী। ১৯৮৬ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি জোরদার ও দীর্ঘমেয়াদী রূপান্তরের ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা রেখেছেন।
সামরিক বাহিনীর ভেতরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে পরিচিত। তার বিভিন্ন ও বৈচিত্র্যময় অপারেশনাল পরিবেশে নেতৃত্ব দেওয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্টের নেতৃত্ব, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন সাঁজোয় ব্রিগেড পরিচালনা এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনকারী বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন বিশেষভাবে উল্লেখযোগ্য। বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আমলে তিনি উপ-সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক কমান্ড ‘সুদর্শন চক্র কোরের’ নেতৃত্ব দিয়েছেন।
বর্তমানে বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবর্তনের এই সন্ধিক্ষণে এবং প্রযুক্তির অগ্রগতির ফলে যুদ্ধের পরিবর্তিত প্রকৃতি ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ১৩ লাখ জওয়ানকে নেতৃত্ব দেবেন জেনারেল শেঠ।
এদিকে ১ জুলাই থেকে ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনীতে কমান্ড পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, যিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া নতুন সহ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন, যিনি সেনাবাহিনীর অপারেশন ও পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলো দেখবেন।
কমান্ড স্তরের রদবদলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। সাউদার্ন বা দক্ষিণ কমান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। এছাড়া লেহ-র ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে, যিনি আগে এই পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লার স্থলাভিষিক্ত হয়েছেন।
