বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা মালয়েশিয়ার

জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা এবং শিল্পখাতের প্রকৃত চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখতে বিদেশি কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটির সরকার জানিয়েছে, কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াটিকে আগের চেয়ে আরও বেশি দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর করা হবে।

মঙ্গলবার এক বিশেষ বৈঠক শেষে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি এই নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি নিশ্চিত করেছেন যে, বিদেশি কর্মী বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্যপদ ও কার্যপরিধি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

সেই সাথে, বিদেশি কর্মী ব্যবস্থাপনার জন্য নির্ধারিত ওয়ান স্টপ সেন্টারটি এখন থেকে মানবসম্পদ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। জাহিদ হামিদি বলেন, দেশের শিল্পখাতে ঠিক কী পরিমাণ বিদেশি শ্রমিকের প্রয়োজন, তা সঠিকভাবে যাচাই করতে নতুন করে পুনর্মূল্যায়ন করা হবে। এর লক্ষ্য হলো কর্মী নিয়োগ ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করে তোলা।

উপ-প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ চলমান থাকবে।

জাহিদ হামিদি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করা। একই সঙ্গে দেশের শিল্পখাতের চাহিদা, জাতীয় নিরাপত্তা এবং মালয়েশিয়ার নাগরিকদের কর্মসংস্থানের সুযোগের মধ্যে একটি ভারসাম্য নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার এ সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও তিনি জোর দিয়ে জানান।