মেক্সিকোর বিশ্বকাপ জয় উদ্‌যাপনে ভিড়ের চাপে ৩ জনের মৃত্যু

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মেক্সিকো। এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে মেক্সিকো সিটির রাস্তায় নেমে এসেছিলেন লাখো ফুটবলপ্রেমী। তবে সেই বাধভাঙা আনন্দের মুহূর্তটি শেষ পর্যন্ত বিষাদে রূপ নিয়েছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতের এই আনন্দমিছিলে অতিরিক্ত ভিড়ের চাপে দম আটকে তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। মেক্সিকোর এই ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে রাজধানী মেক্সিকো সিটির সেন্ট্রাল ডাউনটাউনের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। সেই প্রচণ্ড ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।