মেক্সিকোর বিশ্বকাপ জয় উদযাপনে ভিড়ের চাপে তিনজনের মৃত্যু

ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মেক্সিকো। এই ঐতিহাসিক জয় উদযাপনের জন্য মঙ্গলবার রাতে মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। তবে সেই বাঁধভাঙা আনন্দ শেষ পর্যন্ত বিষাদে রূপ নেয়। বিবিসি জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের চাপে দম আটকে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী, ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। মেক্সিকো সিটির সেন্ট্রাল ডাউনটাউনের ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে এদিন ১০ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। প্রচণ্ড ভিড়ের মধ্যে শ্বাসকষ্ট শুরু হলে স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।