পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা: ড্রোন ভূপাতিত করার দাবি পাক বাহিনীর

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বুধবার (১ জুলাই) বেলুচিস্তান সীমান্তে আফগান তালেবানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত অতিক্রম করার পরপরই এই ড্রোনগুলো শনাক্ত করা হয় এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে।

আইএসপিআর তাদের বিবৃতিতে অভিযোগ করেছে যে, আফগান তালেবান বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদান করছে এবং এই ড্রোন হামলা সেই সহায়তারই একটি অংশ। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছিল যে, তাদের বিমানবাহিনী পাকিস্তানের বেলুচিস্তানের পিশিন জেলা এবং খাইবার পাখতুনখোয়ার কয়েকটি এলাকায় আইএসআইএল (আইএসআইএস)-এর ঘাঁটিতে হামলা চালিয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি দাবি ও সামরিক তৎপরতা সীমান্ত এলাকায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে।