গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে আয়োজিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, আর সেই ভুলগুলো তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে তিনি মনে করেন, গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়।
সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসই সাংবাদিকতার মূল শক্তি। ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তি নয়, বরং কাজকে মূল্যায়ন করাই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
একটি দেশের গণতন্ত্রের সাফল্য স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপর অনেকাংশেই নির্ভর করে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তিনি ঠাকুরগাঁওয়ে দু’টি নতুন উপজেলা অনুমোদনের কথা জানান এবং অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ ও সৎ নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তারা গণমানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

