বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বর্তমানে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে সবাই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছেন। দীর্ঘদিন পর মানুষ মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা সম্ভব হলেও বাংলাদেশের মানুষ সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে সংগ্রাম করতে অভ্যস্ত। তাই এই জাতিকে বিভক্ত করা সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। তার দাবি, জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, বরং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং রক্ত দিয়েছেন। তাই দেশ পুনর্গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বিএনপি নেতা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় আয়োজিত আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

